ভুভুজেলার কথা মনে আছে? ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে যার সঙ্গে পরিচয় বিশ্বফুটবলের। আফ্রিকান গণ্ডি পেরিয়ে সেই ভুভুজেলা চলে আসে বাংলাদেশেও। ফুটবল বিশ্বকাপের বেশ কয়েক বছর পর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আমেজেও দেখা মেলে সেই কান ঝালাপালা করা বাঁশির। তবে এবাররের ফিফা বিশ্বকাপে তেমন কিছু দেখা যাবে না। সেই বিখ্যাত প্লাস্টিকের বাঁশি এবার সম্পূর্ণ নিষিদ্ধ।
আগামী ১১ই জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ৪৮ দলের বিশ্বযজ্ঞ। তবে মাঠের লড়াই শুরুর আগেই গ্যালারির দর্শকদের জন্য একগুচ্ছ কড়া নিয়ম সংবলিত ‘স্টেডিয়াম আচরণবিধি’ প্রকাশ করেছে ফিফা। আর সেখানেই লাল কার্ড দেখানো হয়েছে ভুভুজেলাকে। মৌমাছির ঝাঁকের মতো একটানা ভোঁ-ভোঁ আওয়াজ তোলা এই দক্ষিণ আফ্রিকান ঐতিহ্যবাহী বাঁশিটি ম্যাচ সম্প্রচার ও দর্শকদের উপভোগে বিঘ্ন ঘটায় বলে দীর্ঘদিন ধরেই অভিযুক্ত। এবার উত্তর আমেরিকার ১৬টি ভেন্যুর কোনোটিতেই এটি নিয়ে ঢোকা যাবে না।
শুধু ভুভুজেলাই নয়, অতিউৎসাহী দর্শকদের সামলাতে ফিফা এবার বেশ কঠোর। স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়েছে এয়ার হর্ন, হুইসেলসহ কান ঝালাপালা করা যেকোনো শব্দযন্ত্র। এমনকি খেলোয়াড়দের চোখে আলো ফেলে বিভ্রান্ত করা ঠেকাতে লেজার পয়েন্টার বা লেজার রশ্মি ছড়ায়, এমন যন্ত্রের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
তবে সবচেয়ে বড় চমক থাকছে দর্শকদের পোশাকের নিয়মে। গ্যালারিতে গা-ভাসানো সংস্কৃতির অংশ হিসেবে অনেকেই শরীরে প্রিয় দলের জার্সি বা পতাকার রঙ মেখে চলে আসেন। ফিফা এবার সাফ জানিয়ে দিয়েছে-শরীরে কেবল বডি পেইন্ট বা ট্যাটু আঁকাকে ‘পোশাক’ হিসেবে গণ্য করা হবে না! গ্যালারিতে নগ্ন হয়ে দৌড়ানো বা শরীর প্রদর্শনের মতো উশৃঙ্খলতা রুখতে এবার ‘জিরো টলারেন্স’ নীতি নেয়া হয়েছে। এছাড়া নিরাপত্তাঝুঁকির অজুহাতে দর্শনার্থীদের নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়েও গ্যালারিতে ঢুকতে দেয়া হবে না।
আগামী ১১ই জুন মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মেগা টুর্নামেন্টের।
