নেইমারকে ছাড়াই প্রস্তুতি ম্যাচের বিমান ধরলো ব্রাজিল

নেইমারকে ছাড়াই প্রস্তুতি ম্যাচের বিমান ধরলো ব্রাজিল

ফন্ট সাইজ:

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ব্রাজিল ভক্তদের দুশ্চিন্তা বেড়েছে। উত্তর আমেরিকা মহাযজ্ঞ শুরুর প্রাক্কালে একরাশ মেঘ জমেছে সাম্বার দেশে। চোটের থাবায় মাঠের বাইরে ছিটকে গেছেন সেলেসাওদের প্রাণভোমরা নেইমার জুনিয়র। মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে ক্লিপল্যান্ডগামী বিমানে চড়তে পারেননি ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা। নিউ জার্সির অস্থায়ী শিবিরে কড়া মেডিকেল তত্ত্বাবধানে রেখেই এখন নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া জোরদার করা হয়েছে।

বিশ্বমঞ্চে ট্রফি পুনরুদ্ধারের মিশনে নামার আগে কার্লো আনচেলোত্তির পরিকল্পনায় এখন বড় দুশ্চিন্তা এই ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের ফিটনেস। সান্তোসের হয়ে করিটিবার বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে হারের সেই অভিশপ্ত বিকালে গ্রেড-টু কাফ স্ট্রেইনের (কাফ চোট) শিকার হন তিনি। তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো বল পায়ে মাঠে নামতে পারেননি বার্সেলোনা ও পিএসজির এই সাবেক তারকা।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ভ্রমণের ধকল ও শারীরিক ধকল এড়াতেই নেইমারকে নিউ জার্সিতে রেখে বিশেষায়িত ফিজিওথেরাপি ও নিবিড় শারীরিক পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে মহাতারকার চোট নিয়ে ভক্তদের মনে সংশয় থাকলেও, শিষ্যের ওপর শতভাগ আস্থা রাখছেন গুরু। পানামার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কার্লো আনচেলোত্তি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘সব সংশয় দূর করে পরিষ্কার করে বলছি, নেইমার আমাদের সঙ্গেই বিশ্বকাপ অভিযানে থাকছে। আমাদের বিশ্বাস, মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচেই ও পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আর তা যদি নাও হয়, তবে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে নিশ্চিতভাবেই ওকে আমরা পাবো। এই ২৬ জন খেলোয়াড়ই বিশ্বকাপে মাঠ কাঁপাবে, এতে কোনো সন্দেহ নেই।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন