দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পড়লো পদ্মা নদীতে

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পড়লো পদ্মা নদীতে

ফন্ট সাইজ:

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে আবারও বাস পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের তথ্য জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে এসবি পরিবহনের একটি বাস নদীতে পড়ে গেছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত পড়ে জানানো হবে।

এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনে ৩৭ জন যাত্রী ছিলেন। এ ছাড়া বাসের তত্ত্বাবধায়ক, সহকারী, চালকসহ মোট ৪০ জনের মতো ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য ভেড়ে। এ সময় ঘাটের বাঁ পাশের একটি পকেটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে বড় ফেরি ছিল। অপর পকেটে আরেকটি মাঝারি আকারের ফেরি ছিল। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে যানবাহন উঠছিল। বাসটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে ওঠার চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ফেরির র‍্যামে আঘাত করে। এ সময় র‍্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। বাসটির যাত্রীরা ঘাটে নেমে গিয়েছিলেন। শুধু চালক ও তার সহকারী বাসে ছিলেন। পরে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহীবাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন