মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বড় ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী ভাতিজাকে কুপিয়ে হত্যার পর আত্মগোপনে থাকা ঘাতক ইউসুফ মোল্লা (৩৫)কে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তিনদিন পর মঙ্গলবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। জেলা পুলিশের ইনচার্জ (ওসি) মানবেন্দ্র বালো এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত শনিবার রাত ১০টার দিকে মা ও তার শিশু ছেলেকে হত্যার ঘটনাটি ঘটেছে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ফকিরপাড়া গ্রামে।
ওই ঘটনায় ঘাতক তার বড় ভাই আব্দুস ছালামকে গুরুতর আহত করেছে। নিহতরা হলেনÑ আব্দুস ছালামের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আমেনা (২৮) ও তাদের দুই বছর বয়সী ছেলে আসওয়াদ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুস ছালাম ও তার ছোট ভাই ইউসুফ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের বাড়িতে ঢুকে ঘাতক তার ভাবী ও ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। একইসঙ্গে বড় ভাইকে আহত করে সেখান থেকে পালিয়ে যায় ঘাতক ইউসুফ।
গুরুতর আহত অবস্থায় বড় ভাইকে হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জেলা পুলিশের ইনচার্জ (ওসি) মানবেন্দ্র বালো এই তথ্য নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ড ঘটানোর পরই ঘাতক ইউসুফ মোল্লা আত্মগোপনে চলে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
