কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ১৭০০ বস্তা সিমেন্টবোঝাই দু’টি বোটসহ ২০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার বঙ্গোপসাগরে নিয়মিত টহল পরিচালনার সময় এ অভিযান চালানো হয়। নৌবাহিনীর নিয়মিত টহল জাহাজ সেন্টমার্টিন লাইট হাউজ থেকে ১৯ মাইল দূরে ‘মা-২’ এবং ‘নিশান-২’ নামের দু’টি কাঠের ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক দেখতে পায়।
পরে নৌবাহিনীর জাহাজ ধাওয়া করে বোট দু’টিকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে ‘মা-২’ বোট থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ বোট থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ২০ জনকে আটক করা হয়।
নৌবাহিনীর পরিচালকের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল-করিম শাম্মী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানিয়েছেন, উদ্ধারকৃত সিমেন্ট ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
