আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে মাদকসেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে পিতা-পুত্রকে মারধর করে মাদক বিক্রেতারা। আহতরা বর্তমানে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জানা গেছে, গত ২রা জুন উপজেলার বারপাইকা গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর মোল্লার বসতঘরের পেছনে একই এলাকার সেকেন্দার আলী মোল্লার ছেলে মো. তাজরুল মোল্লা (২৪) ও তার কয়েকজন সহযোগী মাদকসেবন করছিল বলে অভিযোগ রয়েছে। এ সময় জাহাঙ্গীর মোল্লা তাদের মাদকসেবনে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তাজরুল মোল্লা ও তার সহযোগীরা জাহাঙ্গীর মোল্লার ওপর হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পিতাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছেলে মো. জুলহাস মোল্লাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় পিতা-পুত্রকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত জুলহাস মোল্লা জানান, আমাদের বাড়ির পেছনে তাজরুল মোল্লা ও তার সহযোগীরা মাদকসেবন করছিল। আমার বাবা তাদের বাধা দিলে তারা বাবার ওপর হামলা চালায়। আমি বাবাকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করে আহত করে।
এ ঘটনায় জুলহাস মোল্লা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, অভিযোগের ভিত্তিতে থানায় একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা মাদকসেবন ও মাদক-সংক্রান্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
