ইসলামী ব্যাংকের স্বাধীনতা, স্বচ্ছতা ও গ্রাহক স্বার্থ রক্ষার দাবিতে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, গাজীপুর মহানগর। মঙ্গলবার সকালে মহানগরের শিববাড়ী মোড়ে ইসলামী ব্যাংক গাজীপুর সদর শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ডা. আমজাদ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, মো. সাদেকুজ্জামান, মো. জালাল উদ্দিনসহ সচেতন গ্রাহক সমাজের প্রতিনিধিগণ। আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, সমাজের বিশিষ্টজন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের কার্যক্রমে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের প্রচেষ্টার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন এবং ব্যাংকটির স্বকীয়তা ও গ্রাহকদের আস্থা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে কোটি কোটি মানুষের আস্থা অর্জন করেছে। এ প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক বা গোষ্ঠীগত প্রভাব বিস্তারের চেষ্টা গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। তারা অভিযোগ করেন, লুটপাট ও অনিয়মের সঙ্গে জড়িত বিতর্কিত গোষ্ঠীগুলোকে পুনর্বাসনের অপচেষ্টা দেশের ব্যাংকিং খাতের জন্য অশনিসংকেত হতে পারে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
তারা ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার দাবি জানান।
একইসঙ্গে আর্থিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ও প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান এবং ব্যাংক খাত থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার দাবি তোলেন। বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা ও নেতৃত্বের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত অবশ্যই আইন, নীতিমালা ও গ্রাহকদের স্বার্থ বিবেচনায় গ্রহণ করতে হবে। ব্যাংকের ওপর কোনো ধরনের অযৌক্তিক হস্তক্ষেপ অব্যাহত থাকলে গ্রাহক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও তারা সতর্ক করেন।
