নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনিকোণা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে সংঘটিত হামলায় ফয়সাল মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বামনিকোণা সংসদ বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল মিয়া ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন- রবিন (১৮), সৌরভ (১৮) এবং সাদেকুল ইসলাম (৪২)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাদেকুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বামনিকোণা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যান ফয়সাল ও তার কয়েকজন বন্ধু। অনুষ্ঠান চলাকালে একই এলাকার কয়েকজন যুবকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। প্রথমে বিষয়টি সামান্য মনে হলেও একপর্যায়ে বিরোধ চরমে পৌঁছায়। অভিযোগ রয়েছে, অনুষ্ঠান শেষে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা ও বাঁশ নিয়ে ফয়সালদের ওপর হামলা চালায়। এ সময় ফয়সালসহ চারজন গুরুতর আহত হন। হামলার ঘটনায় বিয়ের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই আতঙ্ক ও বিশৃঙ্খলায় পরিণত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের পরামর্শে গুরুতর আহত ফয়সাল ও সাদেকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে ফয়সাল মিয়া মারা যান।
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
