পটিয়ায় দীঘি জবরদখলের অভিযোগ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর গোবিন্দারখীল এলাকায় একটি দীঘি জবরদখলের চেষ্টা এবং মাছ ধরার উদ্দেশ্যে পানি সেচের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা মো. শাহজাহান প্রকাশ মিন্টু। জানা যায়, উত্তর গোবিন্দারখীল এলাকার একটি দীঘি বাদী ও তার অন্যান্য ওয়ারিশ এবং শরিকদের মৌরশী ও খরিদা সম্পত্তি। দীর্ঘদিন ধরে তারা দীঘিটি ভোগদখলে রয়েছেন। তবে প্রতিবেশী আফজল হোসেনসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন ওই দীঘি জবরদখলের উদ্দেশ্যে নানা অপচেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, গত প্রায় এক সপ্তাহ ধরে অভিযুক্তরা দীঘিতে থাকা কচুরিপানা পরিষ্কার করার পাশাপাশি দু’টি পানির পাম্প মেশিন দিয়ে পানি সেচ করছেন। এতে বাদী ও অন্যান্য শরিকরা বাধা দিলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদান করেন বলেও অভিযোগ করা হয়। এ বিষয়ে যেকোনো সময় দাঙ্গা-হাঙ্গামা, শান্তি ভঙ্গ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারী। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লিখিত দীঘিটি পটিয়া থানাধীন গোবিন্দারখীল মৌজার বিভিন্ন সিএস, আরএস ও বিএস খতিয়ানভুক্ত সম্পত্তি বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী মো. শাহজাহান প্রকাশ মিন্টু।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন