ফরিদপুরের সালথা উপজেলায় দীর্ঘদিনের বিরোধ থেকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর চালানো হয়েছে অন্তত পাঁচটি বসতঘরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, এলাকার মনি মোল্যা ও বিল্লাল মুন্সীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে মনির সমর্থক রুহুল ফকির (২৭) ও বিল্লালের সমর্থক আহাদ মুন্সীর (২৬) মধ্যে প্রথমে বাক?বিতণ্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল-সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাঁচটি ঘরে ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনে। সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, দুইজনের মধ্যে মারামারিকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে জানা যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
