কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ

ফন্ট সাইজ:

কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক মৎস্য ঘের লুটপাট ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ১২টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন ওই ইউনিয়নের মৎস্যজীবী সামাদ শেখের পুত্র মোহাম্মদ আলী শেখ। অভিযোগে তিনি জানান, একই এলাকার বাগালী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে আরও ২০-২৫ জন গত ১লা জুন সকালে তার মৎস্য ঘের লুটপাট এবং বাসা ভাঙচুর করে। এ ব্যাপারে মোহাম্মদ আলী শেখ ৭-৮ জনের নাম উল্লেখ করে কয়রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেনের সঙ্গে মোহাম্মদ আলীদের পূর্ব শত্রুতা ছিল। তারই জের ধরে সে প্রতিনিয়ত তাদেরকে নানাবিধ ক্ষতি করার চেষ্টা করে আসছে। মোহাম্মদ আলী যে মৎস্য ঘেরটি ভোগ দখল করে আছে ওই মৎস্য ঘেরটি করতে হলে ইকবাল হোসেনকে ৫০ হাজার টাকা দিতে হবে জানিয়ে দেয়। তিনি সেই টাকা দিতে অস্বীকার করলে তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে গত ১লা জুন রাতে মৎস্য ঘেরে দলবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনিভাবে ঘেরে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির মাছ মেরে লুটপাট করে নেয় তারা। শুধু তাই নয় মৎস্য ঘেরের ঘরে থাকা বিভিন্ন মালামাল ভাঙচুর করে নিয়ে যায়। এতে করে মোহাম্মদ আলীর প্রায় পাঁচ লাখ টাকার অধিক ক্ষতি সাধিত হয়েছে।

মোহাম্মদ আলী বলেন, তারা বিষয়টি জানতে পেরে মৎস্য ঘেরে প্রবেশ করতে গেলে তাকেসহ ভাই আব্দুল কাদেরকে এলোপাতাড়ি মারধর করে। পরে তাদের চেঁচামেঁচিতে স্থানীয় লোকজন এসে ঘটনাস্থল হতে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে। তবে অভিযোগের বিষয়টি নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, আমি ঘটনার সঙ্গে কোনো প্রকার জড়িত ছিলাম না।

খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি বলেন, প্রকৃত ঘটনাটি জানার জন্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. শাহ আলম বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন