তুচ্ছ ঘটনায় সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের আব্দুল্লাহ ঘাটা এলাকায় দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। সোমবার সন্ধ্যায় এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ ও হাইওয়ে পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন আহত হন। ঘটনার পর এলাকায় বসবাসরত নারী-পুরুষের একটি দল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও অবরোধের চেষ্টা চালায়।

খবর পেয়ে পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেন।
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ব্যক্তিগত বিরোধের কারণে জাতীয় মহাসড়ক অবরোধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন