ময়মনসিংহ সদরে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বাকবিতণ্ডার জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় আঘাতপ্রাপ্ত হওয়া পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু হয়। নিহতের নাম আবদুল বাছেদ (৩৫)। তিনি পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের মৃত আছর আলীর ছেলে।
জানা গেছে, পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের মৃত আছর আলীর ছেলে আবদুল বাছেদ ও মো. রাশেদুল (২৫)-এর মধ্যে পৈতৃক জমি বণ্টন নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যা ৭টার দিকে মায়ের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে বাছেদের মাথায় লাঠি দিয়ে আঘাত করে রাশেদুল। এতে অচেতন হয়ে পড়লে বাছেদকে স্থানীয়ভাব প্রাথমিক চিকিৎসা শেষে রাত পৌনে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২০ মিনিটের দিকে বাছেদের মৃত্যু হয়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। অভিযুক্ত ছোট ভাই ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
