দক্ষিণী সিনেমা দিয়ে শুরু। এরপর বলিউডেও সমান তালে কাজ ও সফলতা। এখন দুই ইন্ডাস্ট্রিতেই ব্যস্ত অভিনেত্রী রাশমিকা মান্দানা। নির্মাতা ও প্রযোজকদের কাছে তিনি বর্তমানে অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী। আর সেই কারণেই তার প্রভাব পড়েছে পারিশ্রমিকেও। কন্নড় চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন রাশমিকা। তবে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’-এ শ্রীভল্লী চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।
আল্লু অর্জুনের বিপরীতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায় এবং রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেন অভিনেত্রীকে। মূলত এ ছবিটি রাশমিকার ভাগ্য বদলে দেয়। জানা গেছে, বর্তমানে একটি সিনেমার জন্য রাশমিকা প্রায় ১৫ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। এটি হবে তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
এদিকে ‘পুষ্পা’-র প্রথম কিস্তিতে ২ কোটি রুপি নিয়েছিলেন কিন্তু ছবিটির সাফল্যের পর রাশমিকা একটি সিনেমার জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নিতেন।
সেই তুলনায় বর্তমানে তার পারিশ্রমিক প্রায় কয়েক গুণ বেড়েছে বলে মনে করা হচ্ছে। আসন্ন ‘ককটেল ২’ সিনেমায় শাহিদ কাপুরের পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনয়শিল্পীও ছিলেন রাশমিকা মান্দানা। ছবিটির জন্য তিনি ১৫ কোটিরও বেশি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।
