চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১২ ঘর

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১২ ঘর

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেনের পেশকার বাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়। জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টা থেকে ১০টা ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকটি কাঁচা ও সেমিপাকা ঘর মুহূর্তেই আগুনের কবলে পড়ে। অনেক পরিবারের ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, কোনো একটি লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করা হবে।

ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের কর্মকর্তা মোনেম বিল্লাহ জানান, আগুনে ১০ থেকে ১২টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন