শ্রীপুরে জমি বিরোধে হামলায় আহত আজিজুলের মৃত্যু

শ্রীপুরে জমি বিরোধে হামলায় আহত আজিজুলের মৃত্যু

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আজিজুল ইসলাম (৪৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামে আজিজুলের বাড়িতে হামলার ঘটনা ঘটে। নিহত আজিজুল ওই গ্রামের হানিফ মিয়ার ছেলে।

হামলায় তার বৃদ্ধ মা কমলা খাতুনসহ আরও কয়েকজন আহত হন। নিহতের পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে মো. শামীম, মো. ফকির, জামাল উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন আজিজুল ইসলামের বাড়িতে হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আজিজুলের মাথায় আঘাত করে। পরে তাকে লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তার মাকেও মারধর করে আহত করা হয়। নিহতের ভাই তাইজুল ইসলাম বলেন, অভিযুক্তরা আমাদের প্রতিবেশী। তারা দীর্ঘদিন ধরে আমাদের পারিবারিক জমি দখলের চেষ্টা করে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় হুমকি-ধমকিও দিয়েছে। পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় সোমবার রাতেই শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিহতের ভাই। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের মধ্যে শামীম (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন