যশোরের অভয়নগরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান মজুমদার (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক বিবেক হালদারকে (৩৫) আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামে ভবদহ-টেকা সড়কের পালবাড়ী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের পালবাড়ী মোড় এলাকার মৃত মোকসেদ মজুমদারের ছেলে। আটক মোটরসাইকেলচালক একই ইউনিয়নের দামুখালী গ্রামের ফকির চাঁদ হালদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার রাত ৯টার দিকে পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের পালবাড়ী মোড় নামক স্থানে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পেছন দিন থেকে তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাসিম সাঈদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বৃদ্ধকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের লিখিত অনুরোধের প্রেক্ষিতে আটক মোটরসাইকেল চালককে ছেড়ে দেয়া হয়েছে।
