সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ওই কিশোর নিখোঁজ হয়। পরে স্থানীয় ডুবুরিদের সহায়তায় রাত সাড়ে ৭টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ওই কিশোরের নাম ইমতিয়াজ হোসেন রাহি (১৬)। তিনি চট্রগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্রগ্রাম জেলার হাটহাজারী থেকে রাহীসহ তারা ১২ জনের একটি দল সিলেটে ঘুরতে আসেন। সোমবার বিকালের দিকে রাহিসহ কয়েকজন বন্ধু মিলে সিলেটের জাফলং ঘুরতে যান। জিরো পয়েন্ট এলাকার পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে গোসল করতে নামেন কয়েকজন। গোসলের একপর্যায়ে রাহি স্রোতের টানে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয় ডুবুরিদের সহায়তায় পুলিশ ও ডুবুরিদল উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ হস্তান্তরে নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জিরো পয়েন্ট এলাকা থেকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
