শহীদ দিবস ঘিরে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: র‍্যাব

ফন্ট সাইজ:

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাহিনীর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
র‍্যাব ডিজি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শহীদ মিনার এলাকায় ইনার ও আউটার পেরিমিটার নির্ধারণ করে সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, পুরো এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি টহল ও স্ট্রাইকিং রিজার্ভ রাখা হবে। নিরাপত্তা জোরদারে বোমা ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্য দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তিন শতাধিক র‍্যাব সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে।
শহিদুর রহমান আরও বলেন, অতীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে এবং একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে। দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ জনগণকে জিম্মি করা বা জনদুর্ভোগ সৃষ্টি করার কোনও সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি । সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ও জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে র‍্যাবের মহাপরিচালক বলেন, বর্তমানে কোনও সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। তবে সম্ভাব্য যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারা দেশে যেখানে যেখানে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হবে, সেসব স্থানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন