রংপুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

রংপুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বুজরুক ঝালাই পাকারমাথা এলাকার মৃত সুলতান আলীর ছেলে এরশাদ মিয়া (৪০)। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বালারহাট ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- মিঠাপুকুর কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫) ও সংগ্রামপুর বেলতলা গ্রামের সাজু মিয়া (৫৫)। বালারহাট ইউপি সদস্য মাইদুল জানান, গত রোববার রাতে বালারহাট বাজারে ওই চারজন একসঙ্গে বিষাক্ত মদ্যপান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষক্রিয়া ছড়িয়ে পড়লে রাতেই ছাত্তার এবং পরে হুজুর নিজ বাড়িতে মারা যান। অপর দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সাজুর মৃত্যু হয়। চিকিৎসাধীন অপরজনের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।

এ ঘটনায় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বালারহাট ইউপি সদস্য আরও বলেন, মদ্যপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন করার চেষ্টা চালানো হয়েছিল। মিঠাপুকুর থানার ওসি এরশাদ শিকদার জানান, এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন