ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিশাড়া গ্রামের উপর দিয়ে প্রবাহিত যমুনা খাল খননের নামে কৃষিজমি নষ্ট করে নিয়ম-বহির্ভূতভাবে মাটি বিক্রির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে ভিটিবিশাড়া খননকৃত খালসংলগ্ন খলাঘাট ব্রিজে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বিল্লাল সরকার, সাইদুল ইসলাম, তুহিন সরকার, সজল সরকার, মো. আসাদুজ্জামান, আল-আমিন, আবু মুসা, লতিফ হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এখানকার সীমিত আবাদি জমির উপর নির্ভর করেই কৃষকেরা জীবিকা নির্বাহ করেন। অথচ খাল খননের নামে নিয়ম বহির্ভূতভাবে স্থানীয় একটি প্রভাবশালী মহল নির্বিচারে মাটি কাটার ফলে খালের দু’পাশের ফসলি জমি, ঘরবাড়ি ভাঙন দেখা দিয়েছে। তারা আরও বলেন, খাল খননের নামে কৃষিজমি ধ্বংসের এ অনিয়ম বন্ধ করতে হবে। খাল খনন হোক আমরাও চাই, তবে সেটা হতে হবে নিয়মতান্ত্রিকভাবে যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। পাশাপাশি প্রকল্পের নকশা, ব্যয়ের হিসাব ও স্টিমেট জনসাধারণের সামনে প্রকাশ করে স্বচ্ছতার ভিত্তিতে কাজ পরিচালনার দাবি জানান- তারা। এছাড়াও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
কৃষক লতিফ হোসেন বলেন, ৮ ফুটের গভীরে খাল কাটতে গিয়ে ২০ ফুট পর্যন্ত গভীর করে খাল খনন করে মাটি বিক্রির ফলে কৃষিজমি নষ্ট করা হচ্ছে।
কৃষকদের শেষ সম্বল আবাদি জমিও রক্ষা পাচ্ছে না। আমরা এ ব্যাপারে স্থানীয় এমপি ও সরকারের হস্তক্ষেপ কামনা করি। স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন অভিযোগ করে বলেন, খাল খনন শুরুর আগে স্থানীয় কৃষক ও খালের দু’পাশের জমির মালিকদের সঙ্গে কোনো ধরনের মতবিনিময় করা হয়নি। স্থানীয়রা বারবার প্রকল্পের নকশা ও ইস্টিমেট দেখতে চাইলেও সংশ্লিষ্টরা তা দেখাতে রাজি হননি বলে অভিযোগ করেন।
