সীমান্ত সমস্যা নিয়ে ডিজি পর্যায়ে বিজিবি-বিএসএফ বৈঠকে বসছে

ফন্ট সাইজ:

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথমবার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ডিজি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নয়াদিল্লিতে তিনদিনের এই বৈঠক শুরু হবে আগামী ৮ই জুন থেকে। ১১ই জুন দুই পক্ষের মধ্যে একটি যৌথ আলোচনাপত্র স্বাক্ষরিত হবে।

বৈঠকে বিজিবি’র প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ডিজি মেজর জেনারেল মুহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অন্য দিকে, ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন বিএসএফ প্রধান প্রবীণ কুমার।

আন্তঃসীমান্ত অপরাধ এবং পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত বিষয়গুলোই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া সীমান্তে কাঁটাতার, অনুপ্রবেশ রোধ এবং বাংলাদেশি অবৈধবাসীদের বিজিবি’র কাছে হস্তান্তরের বিষয়গুলোও বৈঠকে উঠে আসতে পারে বলে সূত্র মারফত জানা গেছে। সূত্রগুলো আরও জানিয়েছে, ভারতীয় পক্ষের আলোচনায় সীমান্ত পরিকাঠামো, এক সারি বেড়া (এসআরএফ) নির্মাণ এবং আকাশসীমা লঙ্ঘন (ড্রোন অনুপ্রবেশ সহ) সম্পর্কিত বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকতে পারে। পাশাপাশি সীমান্ত হত্যার মতো অভিযোগগুলো নিয়েও কথা হতে পারে দু’দেশের বাহিনীর প্রধানদের এই বৈঠকে।

এমন এক সময়ে এই বৈঠক হচ্ছে যখন পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার সীমান্ত নিয়ে কঠোর মনোভাব নিয়েছে এবং অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিজিবি’র হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার সীমান্তের অরক্ষিত অঞ্চলে কাঁটাতারের বেড়া বসানোর জন্য বিএসএফের হাতে জমি হস্তান্তর করেছে। ইতিমধ্যেই বেড়া দেয়ার কাজ শুরু হয়েছে। তবে এই বেড়া দেয়া নিয়ে সম্প্রতি বিজিবি’র সঙ্গে মতপার্থক্য দেখা দিয়েছে।

এদিকে ভারতের দিকে সীমান্তে স্বেচ্ছায় কথিত বাংলাদেশিরা ফিরতে ভিড় করেছেন। আইনি পদ্ধতি এড়িয়ে তাদের ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার আগ্রহী বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই অবৈধবাসীদের রাখার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টারও খোলা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন