কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। সোমবার ভোরে ভৈরব- ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার গণককালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত যুবকের পরনে শুধু একটি প্যান্ট ছাড়া অন্য কোনো কাপড় ছিল না। এতে ওই যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ধারণা, রোববার দিবাগত ভোর রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে যেতে পারে অথবা কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনা প্রসঙ্গে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ছাড়া মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়েছে। ইতিমধ্যেই কিশোরগঞ্জ থেকে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল আসছে। তারা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করবে।
পরিচয় শনাক্ত করা গেলে তার বাসস্থান, যাতায়াতের উদ্দেশ্য এবং মৃত্যুর আগে তার গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন