মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছে। মিছিল চলাকালেই ধাওয়া দিয়ে ব্যানারসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে যায়। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে লোকসমাগমহীন একটি এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিল বের করে। মিছিলটি ওই এলাকার একটি প্রাইভেট হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে জনশক্তি ও কর্মসংস্থান অফিস পর্যন্ত পৌঁছায়।
নিজেদের পরিচয় গোপন রাখতে মিছিলে অংশগ্রহণকারী দুই/ একজন ছাড়া সবার মুখে মাস্ক পরিহিত ছিল। মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনার আগমন নিয়ে স্লোগান দেন। এ সময় পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ব্যানারসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হলে তা ভাইরাল হয়। এনিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ নানা শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করেন।
তারা ক্ষোভের সঙ্গে জানান, এতসব ছাত্র-জনতা হত্যা ও আহত করার পরও যারা বিন্দুমাত্র অনুশোচনা না করে তাদের ভুলের জন্য অনুতপ্ত না হয়ে বরং নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর আবারো রাজনীতিতে সক্রিয় হতে চায়। আইনশৃঙ্খলা বাহিনী এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে এদেশের মানুষ রাজপথেই তাদেরকে উপযুক্ত জবাব দিবে। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবজমিনকে জানান, ওই ঝটিকা মিছিল থেকে ব্যানারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার বর্ষীজোড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে ফেরদৌস রহমান বাপ্পী। একই এলাকার সেবুল মিয়ার ছেলে মো. আরমান হোসেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মিছিলে থাকা পালিয়ে যাওয়া অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে।
