চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৮ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি চার লাখ ৯০ হাজার টাকা বলে জানা গেছে। এ সময় পাচারের সঙ্গে জড়িত মাদককারবারি বাবু মোল্লাকে (৪৫) আটক করা হয়েছে। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা পুলিশ। আটক বাবু চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মরহুম শফি মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে প্রাইভেটকারটি ঢাকার দিকে যাচ্ছিল। গাড়িতে ইয়াবা রয়েছে এমন খবরে জোরারগঞ্জ থানার সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় গাড়ির গতিরোধ করার জন্য বলা হলে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ গাড়িটি আটক করে। এরপর গাড়ির পেছনের ব্যাকডালার নিচে লুকিয়ে রাখা সাতটি প্যাকেটে এসব ইয়াবা পাওয়া যায়।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, সাতটি প্যাকেটে ৬৭ হাজার ৬৮০ পিস ও আরও ৬২০ পিস ভাঙা ইয়াবাসহ ৬৮ হাজর ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় গাড়িচালক বাবুকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, ধারণা করছি আটক বাবু ইয়াবার বড় সিন্ডিকেটের সঙ্গে জড়িত। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
