সিরাজগঞ্জ সদরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দু’টি বাস ও পাঁচটি সিএনজি-মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কড্ডার মোড় ও যমুনা সেতুর পশ্চিম এলাকায় ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন- জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ। তিনি জানান, বিআরটিএ নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় যমুনা লাইন পরিবহনকে ১০ হাজার এসআই পরিবহনকে ৫ হাজার ও পাঁচটি সিএনজি মালিকের কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় ও যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরতের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় জেলা ক্যাবের যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা ও আইনশৃঙ্খলা বাহিনী র্যাব’র সদস্য উপস্থিত ছিলেন।
