ফাঁদে পা না দেয়ার পরামর্শ

ফাঁদে পা না দেয়ার পরামর্শ

ফন্ট সাইজ:

গ্ল্যামার দুনিয়া কিংবা সামাজিক মাধ্যমে তারকাদের তথাকথিত নিখুঁত অবয়ব দেখে যারা নিজেদের নিয়ে হতাশায় ভোগেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। নারীদের শারীরিক গঠন এবং কৃত্রিম সৌন্দর্যের ধারণা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

অভিনেত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সুন্দর ছবি প্রকাশের জন্য অনেক নারী নিজেদের শরীরের ওপর অস্বাস্থ্যকর চাপ সৃষ্টি করেন। কিন্তু বাস্তবতা হলো, অনলাইনের ছবি আর বাস্তব জীবনের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। তার ভাষায়, অনেকেই তথাকথিত নিখুঁত শারীরিক গঠন পাওয়ার জন্য নিজের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। কিন্তু শুধু ইনস্টাগ্রামে ভালো দেখানোর জন্য নিজের শরীরকে কষ্ট দেয়া মোটেও উচিত নয়। বাস্তব জীবন আর সামাজিক মাধ্যমের ছবির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।

তাপসী আরও বলেন, সাধারণ মানুষ প্রায়ই একটি আকর্ষণীয় ছবি দেখেই সেটিকে বাস্তবতার প্রতিচ্ছবি মনে করেন। অথচ সেই ছবির পেছনে কতোটা প্রস্তুতি, আলো-ছায়ার ব্যবহার কিংবা সম্পাদনার কাজ রয়েছে, তা অধিকাংশ সময় আড়ালেই থেকে যায়। ক্যারিয়ারের শুরুর দিকের একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজ করার সময় তাকে শরীরকে নির্দিষ্টভাবে উপস্থাপনের জন্য বিশেষ ধরনের পোশাক ও প্যাডযুক্ত অন্তর্বাস ব্যবহারের পরামর্শ দেয়া হতো। শুটিং সেটে এমন নির্দেশনা তাকে বিব্রত ও অস্বস্তিতে ফেলতো। তাপসীর মতে, সৌন্দর্যের চেয়ে শারীরিক ও মানসিক সুস্থতাই বেশি গুরুত্বপূর্ণ। তাই সুন্দর দেখানোর ফাঁদে পা না দিয়ে নিজের স্বাভাবিকতাকে গ্রহণ করার আহ্বান জানান তিনি।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন