টঙ্গিবাড়ীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম জরিপ শেখ (৭০)। নিহত জরিপ শেখ উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, সকালে নিহত জরিপ শেখের স্ত্রী ফাতেমা বেগম দুধ কিনতে প্রতিবেশী ইদ্রিস শেখের বাড়িতে যান। সেখানে ইদ্রিস শেখ অভিযোগ করেন, তার গরুর গোবর বৃষ্টির পানিতে ভেসে মাঝে মধ্যে ইউসুফ শেখের বাড়ির পাশে চলে গেলে এ নিয়ে ইউসুফ শেখ গালিগালাজ করেন। বিষয়টি শুনে ফাতেমা বেগম ইউসুফ শেখ ও তার ছেলে পলাশকে বিষয়টি নিয়ে বুঝানোর চেষ্টা করেন। পরে ফাতেমা বেগম বিষয়টি নিয়ে ইউসুফ শেখ ও তার ছেলে পলাশের সঙ্গে কথা বলতে গেলে তাদের সঙ্গে বাগ্‌?বিতণ্ডা হয়। একপর্যায়ে পলাশ ফাতেমা বেগমের দিকে ইট ছুড়ে মারলে তিনি আহত হন।

এরপর তিনি বাড়িতে ফিরে স্বামী জরিপ শেখকে বিষয়টি জানান। এ ঘটনার পর জরিপ শেখ স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে ইউসুফ শেখের বাড়িতে গিয়ে ঘটনার কারণ জানতে চান। এ সময় দুইপক্ষের মধ্যে আবারও কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইউসুফ শেখ ও তার ছেলে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। স্থানীয় লোকজনের ভাষ্য, হামলার সময় ইউসুফ শেখ কুড়াল দিয়ে জরিপ শেখের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী ইউসুফ শেখ ও তার ছেলে পলাশকে আটক করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়। টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু মানবজমিনকে বলেন, জরিপ শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখকে আটক করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন