শ্যামনগরে অনলাইন জুয়ার টাকার জন্য মোটরসাইকেল ছিনতাই

ফন্ট সাইজ:

সাতক্ষীরার শ্যামনগরে অনলাইন জুয়ার বকেয়া টাকা পরিশোধ না করায় নাহিদ নামে এক যুবকের মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার কাছারি ব্রিজ এলাকা থেকে নাহিদের নিকট হতে ওই মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করেন নাহিদের পিতা আব্দুল হাকিম। এ ঘটনায় নাহিদের পিতা আব্দুল হাকিম রোববার সন্ধ্যায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি উপজেলার উত্তর আটুলিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। প্রধান অভিযুক্ত মিলন শেখ একই এলাকার খোকন শেখের ছেলে।

আব্দুল হাকিম জানান, মিলনসহ তার এলাকায় অনলাইন জুয়া (ওয়ানএক্সবেট) এর কয়েকজন মাস্টার এজেন্ট রয়েছে। মিলনের ফাঁদে পড়ে ছেলে নাহিদ অনলাইন জুয়ায় আসক্ত হওয়ার জেরে প্রায় লাখ লাখ টাকা দেনা পরিশোধ করেছেন। তিনি অভিযোগ করেন সমুদয় পাওনা পরিশোধ করার পরও মাস্টার এজেন্ট মিলন আরও ৬০ হাজার টাকার জন্য কয়েকদিন ধরে চাপ দিচ্ছিল। একপর্যায়ে গত শনিবার বাড়ি ফেরার পথে কাছারি ব্রিজ এলাকায় পৌঁছালে ১০-১২ জন সঙ্গীকে নিয়ে মিলন নাহিদের নিকট থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেয়। নানাভাবে টালবাহানার পরও রোববার বিকাল পর্যন্ত মোটরসাইকেল ফিরিয়ে না দেয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত মিলনের দাবি অনলাইন জুয়ার বকেয়া না, বরং ধান বিক্রির টাকা পাওনা তার। অনাদায়ী থাকা টাকা দিতে না পেরে রোববার নাহিদ নিজে তার বাবার মোটরসাইকেল রেখে চলে যায়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন