বিদায়বেলায় আবেগে ভাসলেন আফগানিস্তান কোচ ট্রট

বিদায়বেলায় আবেগে ভাসলেন আফগানিস্তান কোচ ট্রট

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের ছিটকে যাওয়া নিশ্চিত হয় আগেই। শেষ ম্যাচে গতকাল কানাডার বিপক্ষে বড় জয়ে তাই উচ্ছ্বসের কারণ নেই রশিদ খানদের। সেই সঙ্গে শেষ হয়েছে আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রটের মেয়াদ। চেন্নাইয়ে বিদায়বেলায় সংবাদ সম্মেলনে চোখের পানি আটকে রাখতে পারেননি এ ইংলিশ কোচ।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২০০ রান তোলে আফগানিস্তান। রান তাড়ায় ৮ উইকেটে ১১৮ রানে থামে কানাডা। ৮২ রানের জয়ের দিন দুর্দান্ত ব্যাটিং উপহার দেন ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ আতাল। ৫৬ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৯৫ রানে অপরাজিত থাকেন ওপেনার জাদরান। ৩২ বলে ২টি করে চার-ছক্কায় ৪৪ রানে ফিরে যান আতাল। ৪ ওভারে ৩ উইকেট নেয়ার পথে ৫২ রান খরচ করেন ভারতের ‘এ’ দলে খেলা জাসকারান সিং। রান তাড়ায় কানাডার হয়ে ২৪ বলে সর্বোচ্চ ৩০ করেন হার্শ ঠাকের। ২৬ বলে ২৮ রান আসে সাদ বিন জাফরের ব্যাট থেকে। ৪ ওভারে স্রেফ ৭ রান খরচ করে ৪টি উইকেট নেন অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

জয়ের পর মাঠেই আবেগ্লাপুত হয়ে পড়তে দেখা যায় আফগানিস্তান কোচ ট্রটকে। এক পর্যায়ে সংবাদ সম্মেলনেও গলা ধরে আসে তার। স্বীকার করেন, ‘বলেছিলাম যে, ভেঙে পড়ব না...।’ ২০০২-এর মাঝামাঝিতে দেড় বছরের জন্য আফগান দলের দায়িত্ব নেন ট্রট। ইংলিশ কোচের হাত ধরে দারুণ কিছু লড়াই উপহার দেয় রশিদ খানরা। দ্বিপক্ষীয় সিরিজেও স্মরণীয় কিছু সাফল্য পায় তারা।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, আফগান বোর্ডই আর ট্রটের সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী নয়। একই সুর শোনা গেল তার গলাতেও। ৪৪ বছর বয়সী ট্রট বলেন, ‘(দায়িত্ব) চালিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্তটি আমার নয়। স্রেফ এতটুকুই বলছি। হয়তো এটিই উপযুক্ত সময়, হয়তো নয়। জানি না। সবার ভবিষ্যতের জন্যই শুভ কামনা।’

নিজ দেশের জাতীয় দলের দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘ইংল্যান্ড দলকে সবসময় ভালো করতে দেখতে চাই। যে দল আমার হৃদয়ের এত কাছে, আশা করি একদিন সেই দলকে কোচিং করানোর সুযোগ পাব। নিশ্চিতভাবেই আরও অনেকেই এ দায়িত্ব খুব করে পেতে চাইবে। তাই, দেখা যাক...।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন