কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে তার দায়িত্ব থেকে ‘প্রত্যাহার’ করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের এমন একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ সুপার নিজেই ওই চিঠিটি ‘ভুয়া’ বলে নিশ্চিত করেছেন। রোববার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) স্বাক্ষরিত ও সিল দেয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে ‘ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অনুষ্ঠিত মিছিল এবং প্রশাসনিক কারণে কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে জনস্বার্থে বর্তমান দায়িত্ব থেকে অবিলম্বে প্রত্যাহার করা হইলো। তাকে ডিএমপিতে রিপোর্ট করার জন্য নির্দেশ প্রদান করা হইলো।’
চিঠিটির বিষয়ে জেলা পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, ‘এ ধরনের চিঠিতে প্রত্যাহারের আদেশদানকারী সিনিয়র কর্মকর্তার নাম থাকে এবং চিঠির অনুলিপি বিধি মোতাবেক সিনিয়র কর্মকর্তাসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরকে অবহিত করা হয়। বিভিন্নভাবে নিশ্চিত হওয়া গেছে চিঠিটি শতভাগ ভুয়া। কর্মকর্তারা বলেন, ‘কুমিল্লায় অস্ত্র, মাদক উদ্ধার, সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেপ্তারসহ সম্প্রতি স্বচ্ছভাবে পুলিশ কনস্টেবল নিয়োগে পুলিশ সুপারের কাজে কেউ হয়তো খুশি হতে না পেরে এমন অপপ্রচার চালাচ্ছেন। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’
এ বিষয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘অনেকেই এই বিজ্ঞপ্তির বিষয়ে আমাকে অবহিত করেছেন। এমন চিঠি পুলিশ সদর দপ্তরের নয়। আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতে হয়তো একটি চক্রের এই ভুয়া বিজ্ঞপ্তি ভাইরাল করা হচ্ছে।’ বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা মো. আনিসুজ্জামান পুলিশ সুপার হিসেবে গত বছরের ২৯শে নভেম্বর কুমিল্লায় যোগদান করেন। এর আগে তিনি ঢাকা পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন। একই বছরের ১লা মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের (বিপিএসএ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
