দৌলতপুরে বিএনপি অফিসে ককটেল হামলা, আহত ৩

দৌলতপুরে বিএনপি অফিসে ককটেল হামলা, আহত ৩

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি অফিসে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পিয়ারপুরে ইউনিয়ন বিএনপি অফিসে ককটেল হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। বিষ্ফোরিত ককটেলে পিয়ারপুর এলাকার রহমত মণ্ডলের ছেলে মো. ফুরকান কসাই (৫৫), হাজেদ্দিনের ছেলে মো. এছেম (৫০) এবং আতর আলী কবিরাজের ছেলে মো. ফিরোজ (৪৮) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববতী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস এবং যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্তাজের মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরেই বিএনপি অফিস বা কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাসের ৮-১০ জন সমর্থক বিএনপি অফিসে ককটেল হামলা চালায়। বিকট শব্দে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল হামলার ও বিষ্ফোরণ ঘটানো হয় বলে স্থানীয়দের অভিমত। তবে এ বিষয়ে সাবেক চেয়ারম্যান জহুরুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিজেরাই নিজেদের অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমার ও আমার লোকজনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।

এ ঘটনার সঙ্গে আমি বা আমার সমর্থকদের কোনো সম্পৃক্ততা নেই। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন