ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামে অবস্থিত হাজী আব্দুল করিম ও সামর্থ্যবান ফাউন্ডেশনের কার্যালয়ে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের সমন্বিত নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক সেবার অঙ্গীকারকে সামনে রেখে ফাউন্ডেশনের বিগত তিন বছরের কার্যক্রম, অর্জন, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
প্রকাশিত প্রতিবেদনে শিক্ষা সহায়তা, বিশুদ্ধ খাবার পানিতে সহায়তা, কর্মসংস্থানে সহায়তা, চিকিৎসা সহায়তা, বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান, শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা, গৃহায়নে সহায়তা, ক্ষুদ্র দোকানে মূলধন সহায়তা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন মানবিক উদ্যোগের বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘মানবকল্যাণে নিবেদিত এই ফাউন্ডেশন প্রতিষ্ঠাতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইউপি চেয়ারম্যান মুনসুর আহম্মেদ মুন্সির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা সভাপতি ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের কনিষ্ঠ সহোদর মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আলমগীর হোসেন, বিএনপি’র সাবেক ইউপি সভাপতি আলীমুজ্জামান মধু মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী ও ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক তাজ্জুক চোকদার, প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সভায় অত্র ফাউন্ডেশনের অন্যতম দাতা সদস্য ও উচ্চ শিক্ষিত নজরুল ইসলাম (আমেরিকা প্রবাসী), শহীদ মাস্টার, ওবায়দুর রহমানসহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সভা শেষে একটি স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
