বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীর দিন দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘অসাংগঠনিক’ কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাহবুব আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনামুখী ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির আরও ৫ নেতাকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। রোববার দুপুরে জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত শনিবার দেশব্যাপী বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছিল। কিন্তু সোনামুখী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাহবুব আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে মাহবুব মেম্বার কোনো দলীয় কর্মসূচি পালন করেননি। উল্টো তারা জেলা বিএনপি’র শীর্ষ নেতা ও স্থানীয় এমপি’র নাম ভাঙিয়ে সোনামুখী ইউনিয়নের জাফরপুর স্কুল মাঠে অশ্লীল নাচ-গান এবং আনন্দ-উল্লাসে মেতে ছিলেন। তাদের এই আচরণকে সম্পূর্ণ ‘অসাংগঠনিক’ ও গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করে জেলা বিএনপি’র নির্দেশে তাদের দল থেকে চূড়ান্ত বহিষ্কার করা হয়। এদিকে, ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কারের পর একই অনুষ্ঠানে অংশ নিয়ে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে আরও ৫ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আক্কেলপুর উপজেলা বিএনপি।
এদিন বিকালে আক্কেলপুর উপজেলা বিএনপি’র সভাপতি কামরুজ্জামান কমল এবং সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা স্বাক্ষরিত অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। শোকজপ্রাপ্ত নেতারা হলেন- সোনামুখী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সোনামুখী ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক এবং সোনামুখী ইউনিয়ন যুবদলের নেতা মিনহাজ। নোটিশে আরও বলা হয়েছে, আগামী ৭ (সাত) দিনের মধ্যে নোটিশপ্রাপ্তদের সন্তোষজনক ও যুক্তিযুক্ত উত্তর প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
