পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত

পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত

ফন্ট সাইজ:

ত্যাগের শিক্ষা, ধর্মীয় মর্যাদা ও পারস্পরিক সম্প্রীতির আবহে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাত, পশু কোরবানি, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি ও দরিদ্রদের মাঝে মাংস বিতরণের মধ্য দিয়ে দেশে শৃঙ্খলভাবে পালিত হয়েছে ঈদ। দীর্ঘ ছুটি থাকায় ঈদ যাত্রাতে ছিল স্বস্তির ছোঁয়া। ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে সরকারি অফিস। তবে কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে এ বছরও ছিল অসন্তুষ্টি। বরাবরের মতোই ছিল সড়ক দুর্ঘটনায় নির্মম মৃত্যুর চিত্র।

গত বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত হয়েছে উৎসবের এই দিনটি। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। এতে অংশ নেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিপরিষদ সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। ঈদের প্রধান জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থার পাশাপাশি জাতীয় ঈদগাহ ময়দানে এবারো অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও ঈদুল আজহার ৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে। ওদিকে বৃষ্টিকে উপেক্ষা করে দেশের অন্যতম বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে। ভেজা ও কাদামাখা মাঠেই অনুষ্ঠিত হয় ঈদুল আজহার ১৯৯তম জামাত।

ঈদের নামাজ আদায় শেষে ত্যাগের বার্তা নিয়ে পশু কোরবানি দেয়া হয়। গোটা দেশে প্রায় এক কোটি পশু কোরবানির জন্য প্রস্তুত ছিল। এরইমাঝে প্রধানমন্ত্রী আড়ম্বরতা ছাড়াই বর্জ্য অপসারণের চিত্র দেখতে বের হন। প্রায় চার ঘণ্টা তিনি ঘুরে বেড়ান। নিজেই চালান গাড়ি। বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকারিতায় অসন্তুষ্ট হয়ে দুই আঞ্চলিক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের হস্তক্ষেপের পরই আরও কর্মতৎপর হয়ে ওঠে ঢাকার দুই সিটি করপোরেশন। সবশেষ তথ্যানুযায়ী, দক্ষিণ সিটি করপোরেশন ৩৬ হাজার ৮৬ টন ও উত্তর সিটি করপোরেশন ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য অপসারণ করেছে। যদিও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে বুধবারও অনেকে ঈদ উদ্‌যাপন করেন।

ঈদে যথারীতি নাড়ির টানে রাজধানীসহ বিভিন্ন শহর ছাড়েন মানুুষ। ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় স্বস্তির যাত্রাই ছিল। আজ শুরু হচ্ছে অফিস। স্বস্তিতেই ফিরছেন কর্মমুখী মানুষেরা। তবে বরাবরের মতোই ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা। ঈদের আগেই (২৫শে মে) ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হন এবং ছয়জন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়াও ঈদের এই সময়ে দেশের বিভিন্ন এলাকায় দুর্ঘটনার খবর মেলে। প্রাণ হারিয়েছেন অনেকেই। সেইসঙ্গে কোরবানির পশু নিয়ন্ত্রণ, মাংস কাটা ও মোটরসাইকেল দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। ঈদের দিনে রাজধানীর দুই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৪৮ জন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গুু হাসপাতালে চিকিৎসা নেন ১৬৮ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ৮০ জন।

আবার কয়েক বছর ধরে চলে আসা কোরবানির পশুর চামড়ার মূল্য নিয়েও অসন্তোষ কাটেনি। কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ করে বিপাকে পড়েন সাভার ও আশুলিয়ার স্থানীয় মৌসুমি ব্যবসায়ীরা। চামড়া বেশি দামে সংগ্রহ করলেও দাম নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন স্থানীয় মৌসুমি ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত মূল্যের কথা বলা হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় এবারো লোকসানের আশঙ্কা তাদের। ঈদের দিন ছোট আকারের চামড়া বিক্রি হয় ২৫০ থেকে ৪০০ টাকা ও মাঝারি আকারের চামড়া ৫০০ থেকে ৬০০ টাকায়। এ ছাড়াও ছাগলের চামড়া বিক্রি হয় ৫ থেকে ১০ টাকাতেও।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন