চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে এবং ধর্ষণের শিকার হয়েছে ৭৮ জন। যা পূর্ববর্তী মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। রোববার প্রকাশিত সংস্থাটির জেন্ডারভিত্তিক সহিংসতা মনিটরিং প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, এপ্রিলে ধর্ষণের ঘটনা ৫৪টি, মে মাসে তা বেড়ে ৭৮-এ দাঁড়িয়েছে, যা প্রায় ৪৪ শতাংশ বৃদ্ধি। একই সময়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ১৪ থেকে বেড়ে ১৬ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ২ থেকে বেড়ে ৬-এ দাঁড়িয়েছে। যৌন হয়রানির ঘটনাও ১৭ থেকে বেড়ে ১৮ হয়েছে। এমএসএফের মতে, যৌন সহিংসতার এই উর্ধ্বগতি দেশের সামাজিক নিরাপত্তা ও বিচারহীনতার সংস্কৃতিকে স্পষ্ট করে তোলে।
আইনের কার্যকর প্রয়োগ না থাকায় নারীদের অবস্থান ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে সংস্থাটি মনে করে। এমএসএফ আরও জানিয়েছে, মে মাসে নতুন ঝুঁকি হিসেবে অনলাইন জুয়া ও মাদকসংক্রান্ত অপরাধের বিস্তার লক্ষ্য করা গেছে। অনলাইন জুয়ার ঘটনায় একজনের মৃত্যু এবং পাঁচজন গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। একই সময়ে মাদক সংক্রান্ত ঘটনায় চারজন নিহত, ১৯ জন আহত এবং ১৫ জন আটক হয়েছেন। এ ছাড়া, পুলিশের সঙ্গে সংঘর্ষের দুটি ঘটনা এবং মাদক ব্যবসার সঙ্গে পুলিশের সম্পৃক্ততার তিনটি অভিযোগও উল্লেখ করা হয়েছে।
সংস্থাটির নির্বাহী সারসংক্ষেপে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতনের প্রকৃতি এখন আগের চেয়ে অনেক বেশি জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। ডিজিটাল অপরাধ ও সামাজিক অবক্ষয়ের কারণে যৌন সহিংসতার ঘটনাগুলো চরম আকার ধারণ করছে।
