বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা নিহত

ফন্ট সাইজ:

বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা ইখলাস গাজী (৫০) নিহত হয়েছে। রোববার দুপুরে রামপাল উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইখলাস গাজী রামপাল উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ বেড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, রোববার দুপুরে রামপাল উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানে ইখলাস গাজী বসা অবস্থায় পার্শ্ববর্তী শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে নামের এক দুর্বৃত্ত এখলাসকে প্রথমে গালাগালি করে। একপর্যায়ে মাইঝে শিকদার অতর্কিত হামলা চালায় ইখলাস গাজীর ওপর। এতে ইখলাস গাজী গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইখলাস গাজীর মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ বেড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীকে আটকে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন