কলাপাড়ায় কিশোরকে কুপিয়ে হত্যা, আটক ৩

ফন্ট সাইজ:

পটুয়াখালীর কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের আঘাতে তাজুল ইসলাম (১৬) নামের এক তরুণ নিহত হয়েছে। শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম চম্পাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি সাবেক মেম্বার জাহাঙ্গীর হাওলাদারের ছোট ভাই ফারুক হাওলাদারের একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার দিকে মাছুয়াখালী গ্রামের কিশোর গ্যাং সদস্য রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) তাজুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলার পর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত তাজুল ইসলামকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল হক জানান, ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধ, আধিপত্য বিস্তার বা ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন