মাঠে খুদে ফুটবলারদের উৎসাহ, ফেনীর শিক্ষিকাকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

মাঠে খুদে ফুটবলারদের উৎসাহ, ফেনীর শিক্ষিকাকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফেনীতে খেলা চলাকালীন কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ দেয়া শিক্ষিকার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডাক পেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক থেকে। আর বিএনপি ও ক্রীড়া সংগঠকগুলোর নেতারা ওই শিক্ষিকার বাসায় গিয়ে উৎসাহ দিচ্ছেন। সবশেষ রোববার দুপুরে জেলা শহরের সেলিনা পারভীন সড়কে গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা খালেদা আক্তার পারভীনের বাসায় গিয়ে উপহার তুলে দেন বিএনপি নেতারা। এ সময় দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, সদর উপজেলা কমিটির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় মশিউর রহমান বিপ্লব দলের পক্ষ থেকে ওই শিক্ষিকাকে ক্রীড়া ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, বিএনপি সরকার ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে কাজ করছে। তৃণমূলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিবাদকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে চায়। আর উৎসাহ ও সহযোগিতা পেলে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বলে জানান শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পারভীন। তিনি বলেন, পারিবারিকভাবে ক্রীড়া শিক্ষা পেয়ে তিনি এ অঙ্গনে অবদান রাখতে চান। এর আগে, মাঠে খুদে ফুটবলারদের উৎসাহ দেয়ার একটি ভিডিও চিত্র নজরে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার পাঠানো হয় ওই শিক্ষিকাকে। গত মঙ্গলবার রাতে তার বাসায় গিয়ে উপহার তুলে দেন জেলা প্রশাসক মনিরা হক।

গত ২৯শে এপ্রিল ফেনী পিটিআই স্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সেমিফাইনালে অংশ নেয় সদর উপজেলার গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাচ চলাকালীন বিদ্যালয়টির সহকারী শিক্ষক সৈয়দা খালেদা আক্তার পারভীন তার শিক্ষার্থীদের উৎসাহ দিচ্ছিলেন। সেই মুহূর্তের একটি ভিডিও চিত্র দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ইতিবাচক সাড়া পড়ে। পরবর্তী সেটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসার পর নির্দেশনা পেয়ে জেলা প্রশাসন ওই শিক্ষিকার বাড়িতে উপহার নিয়ে যান। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সাড়া জাগানো শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পলিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুঠোফোনে কথা বলেছেন ওই শিক্ষিকার সঙ্গে। ফোনে পলি ও তার পরিবারের খোঁজখবর নেয়ার পাশাপাশি প্রতিমন্ত্রী তাকে দেশের ক্রীড়াঙ্গনের মূল স্রোতধারায় কাজ করার পরামর্শ দেন। দীর্ঘ ফোনালাপে শিক্ষিকা পলি খেলাধুলার সঙ্গে তার পুরো পরিবারের গভীর ও ঐতিহাসিক বন্ধনের কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে পলির এই অদম্য উদ্দীপনা, মাঠের অভিজ্ঞতা এবং ক্রীড়াসুলভ মানসিকতাকে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে মাঠ পর্যায়ে কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন