কৃষিজমির মাটি কাটায় দুই লাখ টাকা জরিমানা

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে কৃষিজমি ও পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পৃথক দু’টি অভিযানে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত ১টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার ঢুষপাড়া ও কয়লারডহর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার দিকে উপজেলার ঢুষপাড়া গ্রামে একটি বড় এস্কেভেটর ব্যবহার করে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের খবর পাওয়া যায়। পরে থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় রাত আনুমানিক ১টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।

এদিকে একই রাতে আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কয়লারডহর এলাকায় পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে এস্কেভেটর ও ট্রাক্টর ব্যবহার করে মাটি কাটার অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন ও লালপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে একটি এস্কেভেটর ও একটি ট্রাক্টর পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন মানবজমিনকে বলেন, অভিযানে কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় শামীম (৫০) এবং ইটভাটায় ব্যবহারের জন্য নদীর চর থেকে মাটি কাটার কথা স্বীকার করায় মাহবুল ইসলাম (৪১)কে যথাক্রমে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে উভয় অভিযুক্ত মুচলেকা প্রদান করেছেন। কৃষিজমি ও নদী রক্ষায় অবৈধ মাটি কাটা এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন