জৈন্তাপুর হবে পৌরসভা, রাজবাড়ীকে জাদুঘরে রূপান্তর করা হবে

মন্ত্রী আরিফুল হকের ঘোষণা

জৈন্তাপুর হবে পৌরসভা, রাজবাড়ীকে জাদুঘরে রূপান্তর করা হবে

ফন্ট সাইজ:

জৈন্তাপুরের রাজবাড়ীকে জাদুঘরে রূপান্তর করা হবে। একইসঙ্গে জৈন্তাপুর পৌরসভার বাস্তবায়ন কাজও এগিয়ে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এলাকায় পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে খুব শিগগিরই এলাকায় একটি পর্যটন সার্ভিস সেন্টার চালু করা হবে। তিনি আরও বলেন, আলেম-উলামা অধ্যুষিত এ অঞ্চলের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় তিনি উপজেলা সদরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাদক নির্মূলে উপজেলা প্রশাসন এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশকে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উসমান গনি, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন