সিলেটে বন্ধুকে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

সিলেটে বন্ধুকে কুপিয়ে হত্যা করলো বন্ধু। পরে ঘাতক বন্ধুকে আটক করে পুলিশে তুলে দিয়েছে জনতা। গতকাল দুপুরে নগরের দপ্তরিপাড়া এলাকায় বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। নিহত জুয়েল ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ভেরা ১০ নম্বর সিধলা ইউপি এলাকার আব্দুর রহিমের ছেলে। আটককৃত হাবিল নগরীর শাহপরান (রহ.) থানাধীন বালুচর মঈনুল মিয়ার বাসার মো. আলীর ছেলে মো. হাবিল। পুলিশ জানায়, জুয়েল ও মো. হাবিল বন্ধু ছিলেন। রোববার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে তাদের দুইজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

মারামারির একপর্যায়ে মো. হাবিল ভিকটিম জুয়েলকে টেনে পার্শ্ববর্তী গোয়ালিছড়া খালে ফেলে দেয় এবং তার সঙ্গে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দ্বারা ভিকটিমের গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করে। পরবর্তীতে আশপাশের লোকজন জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং পুলিশকে খবর দেন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ভিকটিম জুয়েলকে মৃত ঘোষণা করেন। এদিকে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা মো. হাবিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধৃত মো. হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন