হাম ও হাম উপসর্গে বরিশাল বিভাগে শিশুমৃত্যু অর্ধশত ছুঁতে চলেছে। গত পাঁচ মাসে বিভাগের বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয়েছে হাম ও উপসর্গে ৪৮ শিশুর। ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৭ হাজারেরও বেশি শিশু। রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. লোকমান হাকিম। তিনি বলেছেন, গত ৫ মাসে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ৭ হাজার ৬৫২ জন শিশু। তাদের মধ্যে হাম উপসর্গে ৭ হাজার ২৬১ জন ও হামে আক্রান্ত হয়ে ২২৫ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৬ হাজার ৬৫৭ শিশু।
হাম উপসর্গে বিভাগে ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং হামে ৩ শিশুর মৃত্যু হয়েছে। ডা. লোকমান জানান, শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ৫ মাসে সর্বোচ্চ ২ হাজার ৮৪২ শিশু হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই হাসপাতালের পর পটুয়াখালী জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৭৩৩ শিশু হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এই জেলায় মৃতের সংখ্যা না থাকলেও ভোলায় ৭ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।
ভোলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ৬১৮ শিশু চিকিৎসা নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তার ভাষ্য, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে নতুন করে ১৬১ জন শিশু হাম উপসর্গে ভর্তি রয়েছে এবং ১৪২ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
