বিএনপি’র চাঁদাবাজদের পিটিয়ে মারতে বললেন ভিপি জয়নাল

বিএনপি’র চাঁদাবাজদের পিটিয়ে মারতে বললেন ভিপি জয়নাল

ফন্ট সাইজ:

ফেনীতে বিএনপি’র মধ্যে থাকা চাঁদাবাজদের এবার পিটিয়ে মারার জন্য বললেন ফেনী-২ আসনের এমপি জয়নাল আবদিন (ভিপি জয়নাল)। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর মানুষ আকাশ ছোঁয়া স্বপ্ন দেখছে। সরকারের নজর দুর্নীতি রোধ করে উন্নয়নের দিকে। আর সরকার দলের ভেতরে কিছু ব্যক্তি চাঁদাবাজিতে ব্যস্ত, যাদের কারণে সরকার বেকায়দায় আছে। শনিবার বাদ আসর ফেনী জেলা কেন্দ্রীয় বড় মসজিদে জেলা বিএনপি’র আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপিন চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপি’র সাবেক এ সাধারণ সম্পাদক ভিপি জয়নাল। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতির কাছে ওয়াদা করেছেন সততার সঙ্গে দেশ পরিচালনা করবেন। অথচ দলের কিছু লোকজনের চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ।

এটা কোনোভাবে মেনে নেয়া হবে না হুঁশিয়ারি দিয়ে জয়নাল বলেন, আপনারা সবাই চাঁদাবাজদের চেনেন। তাদের যেখানে দেখবেন সবাই মিলে পিটিয়ে মেরে ফেলবেন। তার এমন কথায় মসজিদে উপস্থিত জনতার মধ্যে অনেকে ঠিক ঠিক উচ্চারণ করে বাহ বাহ দিলেও অনেকে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনুষ্ঠান শেষে মসজিদ থেকে বের হয়েই বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ দলের এমপি’র সরাসরি এমন মন্তব্যকে বিদ্বেষমূলক বলে আখ্যা দেন। তাদের মতে, এমপি হয়েই তিনি দলের ত্যাগীদের ভুলে গেছেন। ঢালাওভাবে সবাইকে চাঁদাবাজ বানিয়ে মূলত তিনি নিজেকে রক্ষার চেষ্টা করছেন বলেও অনেকে মন্তব্য করেন।

কেউ কেউ বলেন, ভিপি জয়নাল তো সরকার দলেরই এমপি, তার কাছে অবশ্যই চাঁদাবাজদের তালিকা আছে। প্রশাসনকে দিয়ে তাদের কেন ধরা হচ্ছে না, এমন প্রশ্নও করেন বিএনপি’র একাধিক নেতাকর্মী। এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আলাল উদ্দিন, সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর আহ্বায়ক বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুল উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয় জেলা বিএনপি’র উদ্যোগে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন