পৃথিবীর দিকে ধেয়ে আসা একটি উল্কা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের আকাশে বিস্ফোরিত হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) জানিয়েছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, এর ক্ষমতা প্রায় ৩০০ টন টিএনটির সমতুল্য ছিল এবং এর শব্দ পুরো অঞ্চলে প্রতিধ্বনিত হয়। নাসা’র কর্মকর্তা জেনিফার ডুরেন এক বিবৃতিতে বার্তা সংস্থা এএফপিকে জানান, স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৬ মিনিটে উজ্জ্বল অগ্নিগোলকটি ম্যাসাচুসেটসের উত্তর-পূর্বাঞ্চল এবং নিউ হ্যাম্পশায়ারের দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তিনি বলেন, এই অগ্নিগোলকটি সক্রিয় কোনো উল্কাবৃষ্টির সঙ্গে সম্পর্কিত ছিল না।
এটি ছিল একটি প্রাকৃতিক মহাজাগতিক বস্তু, মহাকাশের আবর্জনা বা কোনো উপগ্রহের পুনঃপ্রবেশ নয়। ডুরেন আরও বলেন, উল্কাটি ভেঙে যাওয়ার সময় যে শক্তি নির্গত হয়েছে, তা আনুমানিক ৩০০ টন টিএনটির সমান।
এ কারণেই এত জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তার ভাষ্য অনুযায়ী, উল্কাটি ভেঙে যাওয়ার সময় ঘণ্টায় প্রায় ৭৫ হাজার মাইল (১ লাখ ২০ হাজার কিলোমিটারেরও বেশি) বেগে ছুটছিল এবং তখন এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ মাইল উচ্চতায় অবস্থান করছিল। হঠাৎ এই বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানান, বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল ছিল যে, তাদের বাড়িঘর কেঁপে ওঠে।
এর আগে ২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিনস্ক শহরের আকাশে একটি বিশাল অগ্নিগোলক ছুটে যেতে দেখা যায়। নাসার তথ্য অনুযায়ী, একটি বাড়ির সমান আকারের মহাজাগতিক শিলাখণ্ড ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪ মাইল উপরে বিস্ফোরিত হয়েছিল এবং এর শক্তি ছিল প্রায় ৪ লাখ ৪০ হাজার টন টিএনটির সমতুল্য। সেই বিস্ফোরণের ফলে প্রায় ২০০ বর্গমাইল (৫১৮ বর্গকিলোমিটার) এলাকা জুড়ে জানালার কাঁচ ভেঙে যায়। ভাঙা কাঁচের আঘাতে ১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন।
