আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভাসের ২০২৬ সালের আসরে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। প্রতিযোগিতার সাম্প্রতিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এ সিদ্ধান্ত নিয়েছে মিস ফ্রান্স সংগঠন। ১৯৫২ সাল থেকে নিয়মিত অংশ নেওয়ার পর এবারই প্রথম মিস ইউনিভার্স থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে দেশটি। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সিদ্ধান্তের বিষয়টি জানায় মিস ফ্রান্স কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, ‘মিস ফ্রান্স কোম্পানি ২০২৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আমাদের পরিচয়, মূল্যবোধ ও অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকার ইচ্ছার প্রতিফলন। মিস ফ্রান্সের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে মিস ইউনিভার্সের কার্যক্রম ও নীতিগত দিকনির্দেশনা তাদের নিজস্ব মূল্যবোধের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়।
বিশেষ করে ২০২৫ সালের আসরে ‘বহু ধরনের অসংগতি ও ব্যবস্থাপনাগত ত্রুটি’ লক্ষ করা গেছে বলে অভিযোগ করেছে তারা। তবে এই সিদ্ধান্তকে চূড়ান্ত বা স্থায়ী হিসেবে দেখছে না সংগঠনটি। ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হলে আবারও মিস ইউনিভার্সে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা। মিস ফ্রান্সের সভাপতি ফ্রেদেরিক জিলবেয়ার বলেন, ‘মিস ইউনিভার্স সব সময়ই আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ ছিল।
তবে আমাদের দায়িত্ব হলো মিস ফ্রান্স প্রতিযোগিতার মূল্যবোধ ও স্বাতন্ত্র্য বজায় রাখা। সেই বিবেচনা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ভবিষ্যতে মিস ইউনিভার্সের কার্যক্রম ও নীতিগত পরিবর্তনের ওপর তারা নজর রাখবেন। এ বিষয়ে এখন পর্যন্ত মিস ইউনিভার্স কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
