জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘শহীদ জিয়াকে হত্যা করে তার আদর্শকে মুছে ফেলা যায়নি, জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী। যারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ৪৫বছর আগে আজকের দিনে নির্মমভাবে হত্যা করেছিল, তারা মনে করেছিল বিএনপিকে মুছে ফেলবে। কিন্তু ইতিহাস সাক্ষী বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সংগঠনে পরিণত হয়েছে।’ শনিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ‘দেশের মানুষ দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিএনপিকে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠিয়েছে। বিএনপি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে। বিএনপির বর্তমান চেয়ারম্যান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্যসন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি দেশ গঠনে কাজ করে যাচ্ছে।’ নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের এমপি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম, নাটোর জজকোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিকদল সভাপতি আবু রায়হান ভুলু ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
