ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রায়হান মিয়া (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গড়ের পাড় উত্তর পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রায়হান ওই এলাকার ছোটন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, মাদকের লেনদেনকে কেন্দ্র করে সজিব (১৭) ও ইসমাইলের (১৮) মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে হাতাহাতি থেকে সংঘর্ষ রূপ নেয়। ওই সংঘর্ষে প্রতিপক্ষের বল্লমের উপর্যুপরি আঘাতে রায়হান গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাত থেকেই ওই গ্রামে পুলিশ অবস্থান করছে। স্থানীয়রা জানায়, যেকোনো সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটতে পারে। এমনকি ফের ভয়াবহ সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে। রায়হানের লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে রয়েছে।
এ বিষয়ে জানতে সরাইল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়াকে কল দিলেও তিনি রিসিভ করেননি।
