পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশী স্বেচ্ছাসেবী সংস্থা ‘মাস্তুল ফাউন্ডেশন’। দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি এবার ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা এবং চরম বৈশ্বিক সংকটে থাকা সুদানের নিপীড়িত ও বাস্তুচ্যুত মানুষের দোরগোড়ায় কোরবানির গোশত ও জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে সংস্থাটি।
"একটি কোরবানি, হাজারো মুখে হাসি: দেশ, গাজা ও সুদানে মাস্তুলের সাথে ঈদ আনন্দ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুদ্ধ, ক্ষুধা আর দারিদ্র্যে বিপর্যস্ত মজলুম জনগোষ্ঠীর কষ্ট লাঘব করা এবং তাদের মুখে ঈদের হাসি ফোটানোই মাস্তুল ফাউন্ডেশনের এবারের মূল লক্ষ্য। মাস্তল জানিয়েছে, ইতিমধ্যে গাজার জাবালিয়া ক্যাম্প, রাফাহ ক্যাম্প, খান ইউনিস ক্যাম্প, নুসেইরাত ক্যাম্প, দেইর আল-বালাহ ক্যাম্প এবং মিশর সীমান্তবর্তী আল-আরিশ অস্থায়ী ক্যাম্পসহ বেশ কয়েকটি প্রধান আশ্রয়কেন্দ্রে এই বিতরণ কার্যক্রম পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে সংস্থাটি।
মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান বলেন, দেশ ও বিদেশের সর্বস্তরের দাতা ও প্রবাসীদের এই যৌথ প্রয়াস যুদ্ধকবলিত এবং সুবিধাবঞ্চিত অঞ্চলের অসহায় মানুষের ঈদের কষ্ট দূর করতে অনন্য ভূমিকা রাখবে।
