প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। সে লক্ষ্যে গতকাল রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে আফঈদারা। তার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে হয় আনুষ্ঠানিক দল ঘোষণা এবং জানানো হয় প্রস্তুতির কথা। গত বছরের জুলাইয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লেখায় বাংলাদেশ। এরপর ‘মিশন অস্ট্রেলিয়া’ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নানান পরিকল্পনার কথা শোনালেও তা বেশির ভাগই শুধু মুখের বুলি হিসেবে থেকেছে। নারী দলের কোচ পিটার বাটলারও এ নিয়ে বেশ বিরক্ত। তাই সত্য লুকাতে চাননি তিনি। প্রস্তুতির ঘাটতি কথা তুলে ধরলেন স্পষ্ট। সে জন্য দায় দিচ্ছেন বাফুফেকে। দেশ ত্যাগের আগে বাফুফে ভবনে অধিনায়ক আফঈদা খন্দকারকে নিয়ে হাজির হন পিটার বাটলার। সেখানে বাফুফেকে একপ্রকার ধুয়ে দিলেন বাটলার। অতীত নিয়ে আর ভাবতে চান না। বরং বাকি থাকা সময়টা কাজে লাগিয়ে প্রস্তুত হতে চান টুর্নামেন্টের জন্য। বাটলার বলেন, ‘আমাদের প্রস্তুতি নিয়ে অনেক মিথ্যাচার করা হয়েছে। বাস্তবতা হলো প্রস্তুতি আদর্শ মানের হয়নি। আমি কাউকে আঙুল দিয়ে দেখিয়ে দোষারোপ করছি না, কিন্তু আমাদের একটি পরিকল্পনা ছিল যা কাজে লাগেনি। আমি তখনই দায়ভার নেব, যখন মানুষ মিডিয়ায় গিয়ে এটা বলা বন্ধ করবে যে সবই কোচের পরিকল্পনা বা কোচের দোষ।’ বাফুফে যতই বলুক, বাটলার কেবল নিজের কথাই শোনেন। তিনি বলেন, ‘আমি লাইবেরিয়া, বতসোয়ানা, ইংল্যান্ড এবং মালয়েশিয়ার মতো অনেক আন্তর্জাতিক দল পরিচালনা করেছি; আমি কারো হাতের পুতুল নই। বাফুফেতে অনেকেই ফুটবলকে সেভাবে গভীরে গিয়ে বোঝেন না। মাঝেমধ্যে ফুটবলে জয় বা ফলাফল দিয়ে ভেতরের আসল ফাটল বা দুর্বলতাগুলোকে ঢেকে দেয়া হয় (কিন্তু সেটা দীর্ঘস্থায়ী নয়)। এটা কেবল ম্যাচের প্রথম ১০ মিনিটে দুই গোল আর পরের ২০ মিনিটে আরও দুই গোল দেয়ার বিষয় নয়।’ চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে আকাশকুসুম কল্পনা করতে নিষেধ করেছেন কোচ। তিনি বলেন, ‘যারা ভাবছেন আমরা এখনই বিশ্বকাপে কোয়ালিফাই করবো, তাদের বাস্তবতায় ফিরে আসা উচিত। আকাশকুসুম না ভেবে ধাপে ধাপে এগোনোই ভালো।’ পিটার বাটলারের অধীনে বাংলাদেশ জাতীয় ও অনূর্ধ্ব-২০ দল প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে। আবার তার সময়ই নারী ক্যাম্পে হয়েছে বিদ্রোহ। সেই বিদ্রোহের তদন্ত কার্যক্রম চলমান অবস্থায় গনমাধ্যমে বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। সাবিনা, মাসুরাসহ সিনিয়র কয়েকজনকে জাতীয় দলে বিবেচনায় আনেননি ব্যক্তিগত আক্রোশে। সাবিনাদের ক্যাম্পে ডেকে পরখ না করলেও সুইডেন থেকে আসা আনিকা রানিয়া সিদ্দিকীকে সরাসরি জাতীয় দলে নিয়েছেন। অনুমিতভাবেই সংবাদ সম্মেলনে ওঠে এই মিডফিল্ডারের প্রসঙ্গ। বাটলার বলেন, ‘আমার মনে হয় তার (আনিকা) বয়স ২০-২১ বছর। আমি তাকে (খেলোয়াড় হিসেবে) পরখ করে দেখতে বেশ আগ্রহী ছিলাম। আমি এ বিষয়ে যথেষ্ট গবেষণা করেছি, তার কোচদের সাথে কথা বলেছি, ভিডিও দেখেছি এবং অনুশীলনে তাকে পর্যবেক্ষণ করেছি। আমার চোখে সে সত্যিই দারুণ সম্ভাবনাময় একজন খেলোয়াড়; সেইসঙ্গে একটি চমৎকার আবিষ্কার।’ কিছুদিন আগে বাফুফে’র সহসভাপতি ফাহাদ করীম বলেছিলেন, পিটার বাটলারের পরিকল্পনাতেই সব কিছু হচ্ছে। দল ১৫ বা ১৬ ফেব্রুয়ারি দল যাবে। বাস্তবে দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে চার দিন পর। এ বিষয়ে কোচ পিটার বাটলার বলেন, ‘আমাদের মূলত ১৪ তারিখে রওনা হওয়ার কথা ছিল। মধ্যপ্রাচ্য, জাপান, স্পেন কিংবা অন্য কোথাও ক্যাম্প সেরে। তবে এখনকার বাস্তবতায় সময়ের সঠিক ব্যবহার করাটাই সবচেয়ে জরুরি এবং আমাদের হাতে থাকা সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে’। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে’র নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। প্রস্তুতির ঘাটতিতে তিনি হতাশ কিনা জানতে চাইলে কিরণ বলেন,? ‘আমি হতাশ বলবো না। তবে বাইরে রেখে ওদেরকে ট্রেনিং করাতে পারতাম, আরও কিছু প্র্যাকটিস ম্যাচ খেলাতে পারতাম, তাহলে সন্তুষ্টিটা আরো ভালো হতো। অবশ্যই এখন ওই সন্তুষ্টিটা নেই।’ অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান কাপে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী এশিয়ার তিন পরাশক্তি- চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। সূচি অনুযায়ী, আগামী ৩রা মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ই মার্চ উজবেকিস্তানের বিপক্ষে লড়বেন মনিকা-মারিয়া মান্দারা।
দেশ ত্যাগের আগে বাটলার
‘আমি কারও হাতের পুতুল নই’
স্পোর্টস রিপোর্টার
২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
